সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশের দুই পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরুর পর থেকেই ঊর্ধ্বমুখী রয়েছে প্রধান সূচকগুলো।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৭১ পয়েন্টে অবস্থান করছিল। একই সময়ে ডিএসইর শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১০ পয়েন্টে দাঁড়ায়।
এ সময় পর্যন্ত ডিএসইতে মোট ৭৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮৯টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ৩০টির দর কমেছে এবং ৫২টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

এ সময়ে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো—সার্প ইন্ডাস্ট্রি, সায়হাম টেক্সটাইল, এনভয় টেক্সটাইল, নিটোল ইন্স্যুরেন্স, বিডিথাই ফুড, সায়হাম কটন, মালেক স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা ও সেনা ইন্স্যুরেন্স।
এর আগে লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে যায়। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৮ পয়েন্ট বাড়ে। এরপরও সূচকের গতি ঊর্ধ্বমুখী ছিল।
লেনদেন শুরুর ২০ মিনিট পর সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৭৩ পয়েন্টে অবস্থান করে।
অন্যদিকে, সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৮৫ পয়েন্টে দাঁড়ায়। এরপরও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল।
এ সময় পর্যন্ত সিএসইতে ২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭টির শেয়ারদর বেড়েছে, ৫টির কমেছে এবং একটি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।



























