সরকার শাহাদত হোসেনঃ
গাইবান্ধায় অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জেলা পর্যায়ের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। শুমারির তথ্য অনুযায়ী, জেলায় মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৯৩৪টি। এর মধ্যে স্থায়ী, অস্থায়ী প্রতিষ্ঠান ও অর্থনৈতিক খানা মিলিয়ে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি সামগ্রিক চিত্র উঠে এসেছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।
সেমিনারে জাতীয় ও জেলা পর্যায়ের অর্থনৈতিক শুমারির সার্বিক তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন গাইবান্ধা সদর পরিসংখ্যান কর্মকর্তা ইবনুল ফজল মন্ডল।
উপস্থাপিত প্রতিবেদন অনুযায়ী, গাইবান্ধা জেলায় মোট অর্থনৈতিক ইউনিট ২ লাখ ৪ হাজার ৯৩৪টি। এর মধ্যে স্থায়ী অর্থনৈতিক ইউনিট ৮৮ হাজার ১২৯টি, অস্থায়ী ইউনিট ১০ হাজার ৩৪৩টি এবং অর্থনৈতিক খানা ১ লাখ ৬ হাজার ৪৬২টি।
সেমিনারে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক আবু সালেহ মো. রব্বানী বলেন, দেশের অর্থনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন, অগ্রগতি ও প্রকৃত চিত্র তুলে ধরতেই দীর্ঘ ১০ বছর পর অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়েছে। এ শুমারির তথ্য দেশের অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, সিভিল সার্জন রফিকুজ্জামান, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সামিউল ইসলাম সুমেল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ কুমার দাসসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।




















