প্রিয় অপরিহার্যতা
তোমাকে বাইপাস করে যাই সঙ্গোপনে
আত্মার মতোই দূর সম্পর্কীয় আততায়ী
তোমাকে সরিয়ে রাখে
মেঘের শহর থেকে দূরে
নিষ্ফলা মন্দিরে
দেবীর বেদিতে
যাত্রা বিরতিতে
হাইওয়ে রেঁস্তোরার লিকুইড সোপ দিয়ে
খুব করে হাত ঘষেও পাইনি খুঁজে
আমার হারানো ভাগ্যরেখা
![]()
আমাদের বাতিঘর নেই
ছিলো না থাকার কথা
তবু অনিবার্য হয় যখন নোঙর
হৃদয়ের অনির্ধারিত জেটিতে
তখন তরল প্রতিশ্রুতি লিখে যায় শুধু
আবার-দেখা-হবে’র শ্রুতলিপি
সে পর্যন্ত ভালো থেকো
প্রিয় অনিবার্য অপরিহার্য আমার
লেখক: আউয়াল আহমদ
কাব্যগ্রন্থ: সদ্যপুরাণ রূপকথা



























