পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরিবেশবান্ধব ও কমিউনিটিভিত্তিক পর্যটন বিকাশে ইএসডিওর বাস্তবায়িত স্মার্ট ইকো ট্যুরিজম প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাংলাদেশ প্রতিনিধি দলের প্রোগ্রাম ম্যানেজার (রেজিলিয়েন্ট লাইভলিহুডস) মেহের নিগার ভূইয়া।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিনি প্রকল্পের আওতায় গড়ে ওঠা বিভিন্ন পর্যটন সুবিধা, অবকাঠামো ও স্থানীয় উদ্যোক্তাদের কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর আওতায় পঞ্চগড়ের তেঁতুলিয়াকে লিড ক্লাস্টার হিসেবে বিবেচনায় নিয়ে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার পর্যটন সম্ভাবনাময় এলাকাগুলোতে পরিবেশবান্ধব ও কমিউনিটিভিত্তিক পর্যটন শিল্পের বিকাশে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে মেহের নিগার ভূইয়া প্রকল্পের আওতায় গড়ে ওঠা পরিবেশবান্ধব হোমস্টে, কটেজ, চা-পর্যটন সুবিধা, পরিবেশবান্ধব পরিবহন, পানি ও স্যানিটেশন ব্যবস্থা, শারিয়ালজোত মডেল ভিলেজ এবং বিভিন্ন প্রজাতির ফুলের বাগান ঘুরে দেখেন।
এ সময় স্থানীয় পর্যায়ে পর্যটন অবকাঠামো উন্নয়ন, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং পর্যটকদের মানসম্মত সেবা নিশ্চিত করার বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তাঁকে অবহিত করা হয়।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে পরিবেশবান্ধব পর্যটন উপযোগী কমিউনিটি গড়ে তোলা। পাশাপাশি স্থানীয় সম্পদের কার্যকর ব্যবহার, পরিচ্ছন্ন উৎপাদন ব্যবস্থা, পর্যটনসেবার মানোন্নয়ন, স্থানীয় উদ্যোক্তাদের আয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনগোষ্ঠীর সক্ষমতা ও সহনশীলতা বাড়ানো।
তেঁতুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, গ্রামীণ জীবনযাত্রা ও স্থানীয় সংস্কৃতিকে কেন্দ্র করে পর্যটনসেবা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রকল্পটি। এর অংশ হিসেবে স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ত করে হোমস্টে, কটেজ, খাবার পরিবেশন, পরিবহন ও অন্যান্য পর্যটনসংশ্লিষ্ট সেবা গড়ে তোলা হচ্ছে। এতে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং আয়বর্ধক কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হচ্ছে।
প্রকল্পটির অন্যতম উল্লেখযোগ্য দিক হলো, স্থানীয় জনগোষ্ঠীকে কেবল পর্যটন কার্যক্রমের সুবিধাভোগী নয়, বরং এ শিল্পের সক্রিয় অংশীদার ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্যে স্থানীয় মানুষের দক্ষতা উন্নয়ন, পানি ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন উৎপাদন পদ্ধতি এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে উত্তরাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয় ঐতিহ্য ও গ্রামীণ সম্পদকে কাজে লাগিয়ে টেকসই পর্যটন অর্থনীতি গড়ে তোলার সম্ভাবনা তৈরি হচ্ছে। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ এবং জলবায়ু সহনশীল জীবিকার সুযোগ সম্প্রসারণেও প্রকল্পটি ভূমিকা রাখতে পারে।
মেহের নিগার ভূইয়ার এ পরিদর্শনের মধ্য দিয়ে প্রকল্পের মাঠপর্যায়ের বাস্তবায়ন, পর্যটন অবকাঠামোর অগ্রগতি এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণমূলক উদ্যোগগুলো তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিতভাবে এসব কার্যক্রম বাস্তবায়িত হলে তেঁতুলিয়াসহ উত্তরাঞ্চলের পর্যটনশিল্পের বিকাশ এবং স্থানীয় মানুষের টেকসই আর্থসামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।



























