জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান দাবিগুলো সময়ের প্রয়োজনে আরও বাড়তে পারে এবং যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, “আজকে আট দফা, মনে রাখবেন এটা নয় দফাও হতে পারে, ১০ দফাও হতে পারে। আবার জাতির প্রয়োজনে যে কোনো সময় এটা এক দফায় পরিণত হতে পারে।”
তিনি বলেন, এক দফায় পরিণত হলে পরিস্থিতি খুবই ভয়াবহ হতে পারে। এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াত আমির আরও বলেন, দাবি মানতে ব্যর্থ হলে কোনো ‘চোখ রাঙানিতে’ কাজ হবে না এবং তারা কোনো কিছুকে পরোয়া করবেন না।
রাজধানীর সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “অনেকের মাথা গরম হয়ে গেছে।” গত দুই দিন ধরে রাজধানীতে এর কিছু লক্ষণ দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। হতাশ না হয়ে জনগণের দাবি মেনে নেওয়ার চেষ্টা করার আহ্বান জানান তিনি।
শফিকুর রহমান বলেন, “আমরা কোনো দলীয় দাবি নিয়ে মাঠে নামিনি। আমরা ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি। তারা ১১ দলের সঙ্গে আছে। সেই দাবি আদায় করে আমরা ঘরে ফিরব, ইনশাআল্লাহ।”
১১ দলীয় ঐক্যের এই লং মার্চে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে। এর সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও যুক্ত করা হয়েছে।
সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
এ ছাড়া বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লং মার্চে যাত্রা শুরু করেন।
























