শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:
সারা দেশে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ, কটুক্তি, শারীরিক ভাবে লাঞ্ছিত এবং দাফন ও জানাযায় বাঁধা দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফেনী শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানগন এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেন।
ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আবু নাছের চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক আনোয়ারুল আলম, সিনিয়র সাংবাদিক আবু তাহের, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির সদস্য আবু ইউছুপ, ছাগলনাইয়া উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শাহাব উদ্দিন, ফেনী সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব জাহিদ হোসেন বাবলু, রফিকুল ইসলাম প্রমুখ।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজিত এ প্রতিবাদ সভা সঞ্চালনা করেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জুলফিকার আলী ভুট্টো।
সভাপতির বক্তব্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবু নাছের চৌধুরী বলেন, পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাধা এবং মৃত্যুর পর তাঁর মরদেহকে অসম্মান করার ঘটনাটি অত্যন্ত ন্যাক্কার জনক একটি কাজ ছিল । এটি মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধীকারীদের কাজ ছিল।
বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা দেওয়া শুধু ব্যক্তি নয়, মহান মুক্তিযুদ্ধের চেতনাকেই অবমাননা করার শামিল।
এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে । একই সঙ্গে ভবিষ্যতে কোনো বীর মুক্তিযোদ্ধা বা তাঁর পরিবারের সদস্যদের যেন এ ধরনের অপমানের শিকার হতে না হয়, সে বিষয়ে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
জেলার বিভিন্ন উপজেলা থেকে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
জাতীয় পতাকা ও লালসবুজের পতাকা হাতে নিয়ে তারা ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।




















