মীর মোঃ রাকিব হাসান ! বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তালিকাভুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁদের কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সান্তাহার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া (নতুন বাজার) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মো. হাফিজুল ইসলাম জাম্বু (৪১)-এর নিজ দখলীয় সেমিপাকা বসতবাড়ির দক্ষিণ পাশের পূর্বমুখী শয়নকক্ষে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে একটি সাদা প্লাস্টিকের কৌটার ভেতরে পলিথিনে মোড়ানো হালকা কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ১০২ পিস ইয়াবা ট্যাবলেট এবং পৃথক একটি পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সান্তাহার পৌরসভার আদর্শপাড়া (নতুন বাজার) এলাকার মো. হাফিজুল ইসলাম জাম্বু (৪১), পিতা মো. রুহুল আমিন এবং লকু পশ্চিম কলোনি, বশীপুর এলাকার মো. সুমন চৌধুরী (৩২), পিতা মো. নাজিম উদ্দিন চৌধুরী। তাঁদের দুজনকেই মাদকসংক্রান্ত তালিকাভুক্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শামীমা আকতার বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক)/১৯(ক)/৪১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।




















