জামায়াতে ইসলামী এখন আর ইসলামী দল নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলম মাদরাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে চরমোনাই পীর বলেন, জামায়াতে ইসলামীর দলীয় লোগো থেকে ‘আকিমুদ্দীন’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। এতে লোগোতে ‘ইসলাম’ শব্দটিও আর নেই। তার মতে, এ কারণে জামায়াতকে ইসলামী দল বলা যায় না।
রেজাউল করীম বলেন, গত নির্বাচনের ইশতেহারে জামায়াতে ইসলামী ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার কথা উল্লেখ করেনি। একই সঙ্গে জামায়াতের আমিরও সে সময় প্রচলিত আইন অনুযায়ী দেশ পরিচালনার কথা বলেছিলেন বলে দাবি করেন তিনি। এসব বিষয় বিবেচনায় নিয়ে জামায়াতকে আর ইসলামী দল বলা যায় না বলে মন্তব্য করেন চরমোনাই পীর।
জামায়াতের লংমার্চ নিয়ে প্রশ্ন
জামায়াতে ইসলামীর বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে লংমার্চের প্রসঙ্গ তুলে রেজাউল করীম প্রশ্ন করেন, লংমার্চ থেকে ফিরে দলটির আমির যদি সংসদে বলেন যে বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারের সৃষ্টি নয়, তাহলে এত জ্বালানি ব্যয় করে লংমার্চ করার প্রয়োজন কেন হলো।
তিনি জামায়াতের এ অবস্থানকে ‘দ্বিমুখী আচরণ’ বলে মন্তব্য করেন।
বিএনপির বিরুদ্ধে শরিয়াবিরোধী আইন করার অভিযোগ
বিএনপির সমালোচনা করে চরমোনাই পীর বলেন, নির্বাচনের আগে বিএনপি ক্ষমতায় গেলে শরিয়াবিরোধী কোনো আইন করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
রেজাউল করীম দাবি করেন, সংসদে এরই মধ্যে শরিয়াবিরোধী আইন অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শরিয়াবিরোধী আইন থেকে সরকার ফিরে না এলে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবাদে নামতে বাধ্য হবে।


























