ভারতের উত্তরপ্রদেশের কোশাম্বী জেলায় একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে জেলার পিসরি থানা এলাকার মনোরি গ্রামের একটি আতশবাজি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
কোশাম্বীর জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) অমিত পাল জানান, বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে প্রয়াগরাজের এসআরএন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়। আহত আরও পাঁচজনের অবস্থা গুরুতর।
স্থানীয় কর্মকর্তারা জানান, নিহত ব্যক্তিরা কারখানার আশপাশের এলাকায় বসবাস করতেন। বিস্ফোরণের ভয়াবহতা বিবেচনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
মনোরি পাওয়ার হাউসের কাছে অবস্থিত কারখানাটিতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানাটির পাশাপাশি আশপাশের কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। কারখানার কাছাকাছি থাকা পাঁচ থেকে ছয়টি বাড়ি ধসে পড়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে দিল্লি-হাওড়া রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। দুর্ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছে আজমির-শিয়ালদহ এক্সপ্রেসকে ঘুরিয়ে মনোরি রেলওয়ে স্টেশনে নেওয়া হয়।
অন্যদিকে দিল্লি থেকে বারাণসীগামী বন্দে ভারত এক্সপ্রেসকে দুর্ঘটনাস্থলের আগের স্টেশন সাইয়াদ সারওয়ানে থামিয়ে দেওয়া হয়।
বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস



























