একরামুল হক লাবু, নীলফামারী :
নীলফামারীতে ঢেলাপীর হাটে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির খাঁচায় বন্দী থাকা ২২টি পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ।পাখিগুলোকে উদ্ধার করে আপন নীড়ে সুন্দর প্রাকৃতিক পরিবেশে ফিরতে অবমুক্ত করা হয়। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির। এসময় উপস্থিত ছিলেন পাখি ও পরিবেশ নিয়ে কাজ করা সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী।এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের আহসান হাবিব জনি, সামিউল আলিম, মুন্না, রাজা, রানা ও রেজাসহ অন্যান্য সদস্যগণ। তথ্য অনুযায়ী জানা যায় উদ্ধার করা পাখিগুলো অবমুক্ত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ডে জড়িত না হওয়ার শর্তে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
এ বিষয়ে বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির বলেন, “বন্যপ্রাণী প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। পাখির স্বাভাবিক আবাসস্থল হলো প্রকৃতি, খাঁচা নয়। বন্য পাখি ধরা, খাঁচায় বন্দি করে রাখা কিংবা কেনাবেচা জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। আমরা খবর পেয়েছিলাম নীলফামারী সদর উপজেলার ঢেলাপীর হাটে খাঁচায় বন্দী করে পাখি কেনাবেচা হচ্ছে। আজ সরেজমিনে এসে সেগুলো উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি পাখি শিকার ও কেনাবেচা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি।




















