লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জে ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে বালুভর্তি ড্রামট্রাকের চাপায় বিপ্লব মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ গোপাল রায় বাইতুন নাজাত জামে মসজিদের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব মিয়া উপজেলার কায়েম রুদ্রেশ্বর এলাকার গোলাম রব্বানীর ছেলে। আহতরা হলেন-একই এলাকার আব্দুর রহিম আরিফের ছেলে ফরহাদ হোসেন (২৫), হাসেন আলীর ছেলে ফিরোজ মিয়া এবং অটোরিকশার অপর এক যাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বিপ্লবসহ কয়েকজন যুবক আদিতমারী উপজেলার নামুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে যান। খেলা শেষে সন্ধ্যার পর তারা একটি অটোরিকশায় করে নামুড়ী থেকে কাকিনা বাজারের দিকে ফিরছিলেন। পথে অটোরিকশাটি দক্ষিণ গোপাল রায় বাইতুন নাজাত জামে মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুভর্তি ড্রামট্রাক সেটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিপ্লব মিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
সড়ক দুর্ঘটনায় এক তরুণের মৃত্যুর বিষয়টি কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরে মওলা নিশ্চিত করেছেন।




















