ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৮ দলীয় আট্টাকী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
শুক্রবার বিকেলে আট্টাকী মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাগেরহাটের জেলা প্রশাসক জনাব গোলাম মোঃ বাতেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রোকনুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রজিউল্লাহ খান, বাগেরহাটের জেলা ক্রীড়া কর্মকর্তা জনাব হুসাইন আহমাদ, যুব উন্নয়ন অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক জনাব মোঃ আব্দুল কাদের এবং ফকিরহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব ইমরুল কায়েস।
টুর্নামেন্টটির আয়োজন করেছে আট্টাকী যুব সংঘ ক্লাব, ফকিরহাট, বাগেরহাট।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন গ্রামীণ ফুটবলকে আরও এগিয়ে নেবে এবং নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী খেলা দেখতে মাঠের চারপাশে শত শত দর্শকের ভিড় জমে। উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।




















