শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:
কুমিল্লার কোটবাড়িতে অনুষ্ঠিত Cumilla Trail Ultra 2026 এ দারুণ সাফল্য অর্জন করেছে ফেনী রান ক্লাব।শুক্রবার (৬ নভেম্বর) প্রায় ৫০ জন রানার নিয়ে অংশগ্রহণ করে নারী ও পুরুষ উভয় বিভাগে চারটি পোডিয়াম অর্জনের পাশাপাশি কমিউনিটি পার্টনার হিসেবে সম্মাননা পেয়েছে ক্লাবটি।
প্রতিযোগিতার ১০ কিলোমিটার নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন সাথী এবং প্রথম রানারআপ হয়েছেন ইসরাত জাহান। ৫ কিলোমিটার পুরুষ বিভাগে প্রথম রানারআপ হয়েছেন এমদাদ হোসেন এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন রাশেদ হোসেন।
এ ছাড়া ১০ কিলোমিটার ক্যাটাগরিতে পেসার হিসেবে দায়িত্ব পালন করেন ফেনী রান ক্লাবের মাসুদ রানা। তিনিও আয়োজকদের কাছ থেকে সম্মাননা স্মারক অর্জন করেন।
বিজয়ীদের পুরস্কার ও ক্লাবের কমিউনিটি পার্টনার সম্মাননা স্মারক তুলে দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ ইউসুফ মোল্লা টিপু।
ফেনী রান ক্লাব কর্তৃপক্ষ তাদের এই অর্জন গোটা ফেনীবাসীকে উৎসর্গ করেছে। ক্লাবটি দীর্ঘদিন ধরে ফেনীতে দৌড়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং সুস্থ ও স্বাস্থ্যসচেতন সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। এর আগে গত অক্টোবরে চট্রগ্রাম ইন্টারন্যাশনাল ম্যারাথনেও কমিউনিটি পার্টনার হিসেবে সম্মাননা অর্জন করে ক্লাবটি।




















