ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিন ঘিরে থাকে নানা আয়োজন ও চমক। তবে এবার ৩৪তম জন্মদিনের অনুষ্ঠানে শিউলি ফুলের নান্দনিক সাজসজ্জার পাশাপাশি নতুন সিনেমার ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী। ‘ফারজান’ নামের সিনেমাটি পরিচালনা করছেন তারেক রহমান। এরই মধ্যে সিনেমাটির শুটিং প্রায় শেষ হয়েছে বলে জানিয়েছেন পরীমনি।
শনিবার সন্ধ্যায় নিজের জন্মদিন উপলক্ষে কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন পরীমনি। পুরো আয়োজনজুড়েই ছিল শিউলি ফুলের আবহ। অনুষ্ঠানের ভেন্যুর সিঁড়ি সাজানো হয়েছিল শিউলি ফুল দিয়ে। এমনকি নিজের পোশাকেও এই ফুলের নকশা রেখেছিলেন অভিনেত্রী। শিউলি ফুলের নকশা করা কমলা রঙের শাড়ি পরে অনুষ্ঠানে উপস্থিত হন তিনি।
জন্মদিনের এই আয়োজনে শিউলি ফুলের উপস্থিতির পেছনেও ছিল বিশেষ গল্প। পরীমনির এক ভক্ত চট্টগ্রাম থেকে বিমানে করে তাঁর জন্য শিউলি ফুল পাঠিয়েছেন। ভক্তের এমন ভালোবাসায় জন্মদিনের আয়োজন পেয়েছে ভিন্ন মাত্রা।
তবে ফুলেল সাজসজ্জার বাইরেও সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল নতুন সিনেমার ঘোষণা। অনুষ্ঠানে পরীমনি বলেন, “জন্মদিনে একটা সারপ্রাইজ আছে। আমার মনে হয়, আপনারা আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করবেন। তাই উত্তর ঠিক করে এসেছি। আমার মনে হলো, এটা সুন্দর সময়। এখানে কাজ নিয়েও কথা বলা যায়।”
‘ফারজান’ সিনেমার কাজের অগ্রগতি সম্পর্কে অভিনেত্রী জানান, প্রায় ছয় মাস আগেই সিনেমাটির জন্য তাঁর লুক চূড়ান্ত করা হয়েছিল। তবে কাজ শুরু করতে গিয়ে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। সিনেমাটির শুটিং শেষ হলেও এখনো কিছু কাজ বাকি রয়েছে। সেগুলো শেষ করার পর বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
সিনেমাটি নিয়ে আশাবাদী পরিচালক তারেক রহমানও। তিনি বলেন, “আমরা সুন্দর একটা জার্নি শুরু করতে যাচ্ছি। আশা করি, জার্নিটা সুন্দর হবে। আপনারা নতুন পরীমনিকে আবিষ্কার করবেন।”
জন্মদিনের বিশেষ আয়োজন, ভক্তের ভালোবাসা আর নতুন সিনেমার ঘোষণা—সব মিলিয়ে পরীমনির এবারের জন্মদিনের সন্ধ্যা হয়ে উঠেছে বিশেষ। এখন দর্শকদের অপেক্ষা ‘ফারজান’ সিনেমার বিস্তারিত তথ্য ও পর্দায় নতুন রূপে পরীমনিকে দেখার।


























