প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের আগে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় রাখার সিদ্ধান্তকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১ সম্মেলন সামনে রেখে ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “এটা কোনো জাতীয় বা আন্তর্জাতিক বিষয় নয়। এটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর। কখন কোন অ্যাম্বাসেডরকে ডেকে পাঠানো হবে, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সফরে বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, তৈরি পোশাক, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সমঝোতা চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, “আমরা একসঙ্গে কাজ করব। প্রধানমন্ত্রীর এই সফর নতুন জাপানি বিনিয়োগের ক্ষেত্র তৈরি করবে বলে আমরা মনে করি।”
প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় রাখার সিদ্ধান্ত নিয়ে আলোচনার মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিষয়টিকে মন্ত্রণালয়ের নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেন।



























