শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনী শহরের জগন্নাথ বাড়ি সড়কের- ভিতরের বাজারের কয়েকটি দোকান ও ফুটপাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি শুল্ক ফাঁকি দেয়া ভারতীয় আতশবাজি জব্দ করেছে পুলিশ। এ সময় পুলিশ অন্তত ৬ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন- আইয়ুব নবী (৫৬), দিদারুল আলম (৩৭), তপন চন্দ্র দাস (২২), বাবুল দেব নাথ (৪৪), অপু চন্দ্র দে (৩৭) খোকন চন্দ্র দে (৩৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদের নেতৃত্বে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশের একটি টিম ভিতরের বাজার ও আশপাশের কয়েকটি দোকানে অভিযান চালায়। এসময় ছোট বড় ১৫ বস্তা আতশবাজিসহ ৬ বিক্রেতাকে আটক করে। জব্দকৃত আতশবাজির আনুমানিক মূল্য প্রায় ৭লাখ টাকা হবে বলে পুলিশ জানায়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, আটককৃত ৬ জনকে রবিবার (২৫ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।




















