বগুড়া জেলা প্রতিনিধি | মীর মো: রাকিব হাসান
বগুড়া, ২৫ অক্টোবর ২০২৬: কেক কেটে উৎসব পালনের পরিবর্তে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ এবং অসহায় মানুষের জন্য চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশনের ব্যবস্থা করে বগুড়ার শিবগঞ্জে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ১০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৪৮ জন মেধাবী ছাত্রীর হাতে গোলাপি রঙের বাইসাইকেল তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এ ছাড়া ১ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে জাইমা রহমানের ছবি সংবলিত মগ বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির উদ্দেশ্য নারীশিক্ষার প্রসার, ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং পড়াশোনায় উৎসাহিত করা। আয়োজকদের প্রত্যাশা, বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমবে এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বাড়বে।
একই দিন দুপুর ১২টায় শিবগঞ্জের আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় দিনের মতো চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, দুই দিনে প্রায় ৪ হাজার মানুষকে এ সেবার আওতায় আনা হয়েছে।
নারীশিক্ষা ও শিক্ষার্থীদের নিরাপত্তায় গুরুত্ব
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে তিনি অতীতেও বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করেছেন। এর মধ্যে দোয়া মাহফিল, এতিমদের খাবার বিতরণ, চিকিৎসাসেবা ও চক্ষুচিকিৎসা কার্যক্রম ছিল। এবারও শিক্ষার্থীদের কল্যাণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, নারীশিক্ষার উন্নয়ন এ কর্মসূচির মূল লক্ষ্য। আজকের ছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ। মেয়েরা যাতে নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে এবং পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধেও সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
মীর শাহে আলম আরও বলেন, জিয়া পরিবারের মঙ্গল কামনায় গত ২০ বছর ধরে প্রতি শুক্রবার দেওয়ানতলা মাজার এলাকায় অসহায় মানুষের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হচ্ছে। মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করাই এসব উদ্যোগের উদ্দেশ্য বলে জানান তিনি।
রাজনৈতিক বক্তব্য ও চক্ষুচিকিৎসা কার্যক্রম
চক্ষুচিকিৎসা কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী জামায়াতে ইসলামীর রাজনীতি নিয়ে সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, দলটি ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। ভোটের সময় বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করলেও ভোটের পর তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা এবং খাল খনন কার্যক্রমের কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, তাঁর নির্বাচনী এলাকার মানুষের চোখের সমস্যা দূর করতে চান তিনি। পর্যায়ক্রমে সবাইকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উপস্থিত ছিলেন যাঁরা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বিষ্ণুপদ পাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান শাহীন, প্রতিমন্ত্রীর সহধর্মিণী মীর লাবনী আকতার, রুপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, তাঁর স্ত্রী মীর ফারিয়া তাবাসসুম, প্রতিমন্ত্রীর কন্যা মীর সামারা সুনাত, উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, অধ্যাপক নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, মীর আবু জাকের মাকু, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, আবু শাহীন, মাহাদী তমাল, খোরশেদ কাজল ও ছাত্রদল নেতা মীর মুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে ব্যারিস্টার জাইমা রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। পরে প্রতিমন্ত্রী নবগঠিত বেতগাড়ী ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।




















