বগুড়া জেলা প্রতিনিধি | মীর মো: রাকিব হাসান:
বগুড়ার আদমদীঘিতে ৬ লিটার চোলাইমদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শহিদুল ইসলাম (৩১), পিতা মৃত গহের প্রামাণিক, গ্রামের নাম উপর পোঁওতা; গৌতম রবিদাস (৪২), পিতা শুকলাল রবিদাস, গ্রামের নাম মাঝিপাড়া; এবং মাসুদ (৩০), পিতা মৃত খোরশেদ, গ্রামের নাম উত্তরাইল। তাঁদের সবার বাড়ি আদমদীঘি উপজেলায়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত শহিদুল ইসলামকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। অপর দুজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তিনজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসনের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।




















