রাজন্য রুহানি, জামালপুর :
বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাতে দোকান মালিক সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানকে সুন্দর, সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানে ব্যবসায়ী সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা, সার্বিক ব্যবস্থাপনা এবং অনুষ্ঠান সফল করতে করণীয় বিষয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন উপস্থিত নেতৃবৃন্দ।
বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি সোলায়মান কবির স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলম কালার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক ও ব্যবসায়ী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মোকছেদুর রহমান হারুন, জামালপুর মোবাইল এসোসিয়েশন এর সভাপতি জুয়েল রানা, সিংহজানী আঞ্চলিক দোকান মালিক সমিতির সভাপতি এম. এ. কামাল শাহীন, দোকান মালিক সমিতির নেতা সাজ্জাদ হোসেন পল্টন, ইমরান হোসেন ইরান, মাঈন উদ্দিন বাবুল, অধ্যাপক আলতাফ হোসেন, শাহাদত হোসেন বাবুল, শাহীনুর রহমান ও স্টেশন ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তুফান প্রমুখ।
পরামর্শ সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতির জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসায়ী সমাজের কল্যাণে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অভিষেক অনুষ্ঠানকে সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ৪৭ টি বেসিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।























