ইরান থেকে রুশ কূটনীতিক ও বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার খবর নাকচ করেছে তেহরানে অবস্থিত রুশ দূতাবাস। দূতাবাসের দাবি, ইরানে কর্মরত রুশ কর্মকর্তা ও বিশেষজ্ঞদের দেশটি ছাড়ার কোনো পরিকল্পনা নেই। সেখানে স্বাভাবিকভাবেই কার্যক্রম চলছে।
অনলাইন সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রুশ দূতাবাস এক বিবৃতিতে কর্মী ও বিশেষজ্ঞদের প্রত্যাহারের খবরকে সম্পূর্ণ ‘ভুয়া’ বলে উল্লেখ করেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য নতুন হামলাকে কেন্দ্র করে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। এমন পরিস্থিতিতে ইরান থেকে রুশ কর্মীদের সরিয়ে নেওয়ার খবর সামনে এলেও মস্কোর পক্ষ থেকে তা সরাসরি অস্বীকার করা হলো।
বুশেহর ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের সময় স্থাপনাটি একাধিকবার হামলার শিকার হয়েছে। গত জুলাইয়ে প্রকাশিত স্যাটেলাইট চিত্রেও কেন্দ্রটির কমপ্লেক্সের ভেতরে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়।
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে বুশেহর কেন্দ্রটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। তবে রুশ দূতাবাসের বক্তব্য অনুযায়ী, সেখানে কর্মরত রুশ বিশেষজ্ঞদের প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
























