নিজ দেশে চলাফেরার ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী তানজিন তিশা। তার দাবি, দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। বিশেষ করে নারীদের নানা পরিস্থিতিতে এমন সমস্যার মুখোমুখি হতে হয়, যা তাদের প্রাপ্য নয়। নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা জানান তানজিন তিশা। এ সময় বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করেন না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষকে নানা ধরনের ঝামেলায় পড়তে হয়। অনেক ক্ষেত্রে এসব সমস্যার যথাযথ সমাধান বা ন্যায়বিচার পাওয়া যায় না বলেও মনে করেন তিনি।
তিশা বলেন, সত্যি বলতে বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না। নারীদের নিরাপত্তার প্রসঙ্গে এই অভিনেত্রী আরও বলেন, আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।





















