মো. আরফান হোসেন বাবর হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
“Be a Hand Washing Hero” – “হাত ধোয়ার নায়ক হোন” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, হোসেনপুরের আজ বৃহস্পতিবার সকালে আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে “হাত ধোয়ার নায়ক হোন” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন,উপ সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য
আসফিয়ার আহমেদ সাগর, প্রকল্প কর্মকর্তা আবদুল আলীম সহ কর্মকর্তারা শিশু শিক্ষার্থীদের সামনে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে দেখিয়ে দেন। কখন, কিভাবে এবং কেন হাত ধুতে হবে তা শিশুদের বুঝিয়ে দেওয়া হয়। শিশুদের মধ্যে এ নিয়ে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা যায়।
বক্তারা বলেন, সুস্থ থাকার সবচেয়ে সহজ ও সস্তা উপায় হলো সঠিক নিয়মে হাত ধোয়া। খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পরে, হাঁচি-কাশির পর এবং বাইরে থেকে এসে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে। হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিসসহ বিভিন্ন পানিবাহিত ও সংক্রামক রোগ থেকে সহজেই মুক্ত থাকা সম্ভব।
বক্তারা আরও বলেন, হাত ধোয়া শুধু নিজেকে সুস্থ রাখে না, পরিবার ও সমাজকেও সুস্থ রাখে। তাই প্রত্যেককে হাত ধোয়ার নায়ক হয়ে অন্যদেরও উদ্বুদ্ধ করতে হবে। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা জানায়, আজ তারা সঠিক নিয়মে হাত ধোয়া শিখেছে। এখন থেকে তারা নিয়মিত হাত ধোবে এবং বাড়িতে গিয়ে পরিবারের সবাইকে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে জানাবে।
হোসেনপুরে বিশ্ব হাত ধোয়া দিবসের এই আয়োজন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




















