জেলা প্রতিনিধি দিনাজপুর:
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। দায়িত্ব পালনে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছে এনসিপি।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি দমন-পীড়নের নীতি অবলম্বন করে সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে চলমান সমস্যার দ্রুত সমাধান করা উচিত। একই সঙ্গে জ্বালানি খাতে মন্ত্রীর ব্যর্থতার অভিযোগ তুলে জ্বালানিমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তিনি। এ বিষয়ে ১১ দলীয় জোটের পক্ষ থেকে সরকারকে লিখিত প্রস্তাবনা দেওয়া হয়েছিল বলেও জানান নাহিদ ইসলাম।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় বিএনপি সরকার ব্যর্থ হয়েছে। বিএনপি বড় রাজনৈতিক দল হলেও তাদের অধিকাংশ নেতা আপসকামী। আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে সাধারণ মানুষকে আবারও রাজপথে সজাগ থাকতে হবে। সরকারের প্রতিটি ব্যর্থতার পেছনে নানা অজুহাত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে দিনাজপুর জেলা এনসিপির উদ্যোগে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নবিষয়ক আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাহিদ ইসলাম।
সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, ড. আতিক মুজাহিদ এমপিসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ সভায় অংশ নেন।





















