সরকার শাহাদত হোসেন:
কৃষকের মুখে হাসি ফোটাতে এবং কৃষি উৎপাদন বাড়াতে সহজ শর্তে কৃষিঋণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে জনতা ব্যাংক পিএলসি। এরই অংশ হিসেবে গাইবান্ধার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কৃষকদের মাঝে সরাসরি কৃষিঋণ বিতরণের মাধ্যমে ‘প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জনতা ব্যাংক পিএলসি তুলসীঘাট শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত কৃষকদের হাতে কৃষিঋণ বিতরণ করা হয়।

কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসি গাইবান্ধা এরিয়ার উপ-মহাব্যবস্থাপক মো. আলফার হোসেন।
অনুষ্ঠানে তুলসীঘাট শাখার ব্যবস্থাপক মো. খালেদ হোসেন সরকার, বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলফিকার রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
কৃষকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং কৃষিকাজে প্রয়োজনীয় অর্থের জোগান নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে কৃষকরা সহজে প্রাতিষ্ঠানিক ঋণসুবিধা পাবেন, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে সহায়ক হবে।




















