মোঃমাহিদুল ইসলাম (বাগেরহাট) প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বাগেরহাটের কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধে কোডেক কতৃক সচেতনতামূলক সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কোডেকের ফোকাল পারসন, সৈয়দ মাহাবুব ইসলাম , প্রকল্প ব্যবস্থাপক আ.ন.ম.ওয়াহিদ, এলাকা ব্যাবস্থাপক আসাদুজ্জামান, অত্র স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক মন্ডলী সহ শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ডেঙ্গু রোগের কারণ, বিস্তার, লক্ষণ ও প্রতিরোধের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। কোথাও যেন পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের উদ্যোগ যথেষ্ট নয়; শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা পালন করতে হবে।
এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি পরিবার ও সমাজে ডেঙ্গু প্রতিরোধের বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।




















