রামপাল (বাগেরহাট) প্রতিনিধি, আরিফ হাসান গজনবী:
বাগেরহাটের রামপালে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সাইবার অপরাধ প্রতিরোধ এবং অনলাইন ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘নিরাপদ অনলাইন, সুরক্ষিত শৈশব’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং ক্রাফট ইনস্টিটিউট ও যুব উন্নয়ন সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সেমিনারে বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ মাসুদুর রহমান (পিপিএম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নাসিরুদ্দিন হাওলাদার। সেমিনারে সভাপতিত্ব করেন ক্রাফট ইনস্টিটিউট ও যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সোহানুর রহমান।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাঃ মাসুদুর রহমান নিরাপদ ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরে সাইবার অপরাধ, অনলাইন জুয়া, মোবাইল ফোন ও ডিজিটাল গেমে আসক্তি, মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের কুফল, মানসিক স্বাস্থ্য এবং আত্মহত্যা প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি অনলাইনে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ, ব্যক্তিগত তথ্য আদান-প্রদান এবং সন্দেহজনক লিংক ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকার গুরুত্ব তুলে ধরেন।
এ ছাড়া মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা এবং আদর্শ সমাজ গঠনে তরুণ প্রজন্মের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে শিক্ষার্থীদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, পারিবারিক ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সহযোগিতা এবং সামাজিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।




















