কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মো. আবু বকর সিদ্দিকের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর ফটোকার্ড প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে প্রচারিত তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সাবেক এই পৌর মেয়র। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ফটোকার্ড ও সংবাদে দাবি করা হয়, কুড়িগ্রাম পৌরসভার মেয়র থাকাকালে মোস্তাফিজার রহমান মোস্তফা তাঁর কাছে নাগরিকত্ব সনদ নিতে এসেছিলেন। কিন্তু তাঁর নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকায় আবু বকর সিদ্দিক তাঁকে সনদ প্রদান করেননি। এমন তথ্যের প্রতিবাদ জানিয়ে আবু বকর সিদ্দিক স্পষ্টভাবে জানিয়েছেন, তাঁর মেয়র থাকাকালে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। মোস্তাফিজার রহমান মোস্তফা তাঁর কাছে কখনো নাগরিকত্ব সনদ নিতে আসেননি। এমনকি এ বিষয়ে তিনি কাউকে কোনো বক্তব্যও দেননি।
তাঁর নাম ও ছবি ব্যবহার করে এ ধরনের বক্তব্য প্রচার সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। তিনি আরও অভিযোগ করেন, তাঁর বক্তব্য বা অবস্থান সরাসরি যাচাই না করেই তাঁর নাম ও ছবি ব্যবহার করে সংবাদ প্রচার করা হচ্ছে। শুধু তাই নয়, বাংলাভিশন, দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন সংবাদমাধ্যমের লোগো ব্যবহার করে ফটোকার্ড তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর কর্তৃপক্ষ ও প্রতিনিধিদের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আবু বকর সিদ্দিক আরও জানান, অত্যন্ত দুঃখের বিষয় হলো, তাঁর পক্ষ থেকে সুস্পষ্ট প্রতিবাদ ও বক্তব্য দেওয়ার পরও কতিপয় ব্যক্তি নতুন করে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তাঁদের প্রচারিত তথ্যের বিষয়ে তিনি বলেন, কালবেলা পত্রিকার সংবাদ বলেও যে দাবি করা হচ্ছে, তা ক্রসচেক করেও সংশ্লিষ্ট কোনো সংবাদ পাওয়া যায়নি বলে তাঁকে জানানো হয়েছে। এআই জেনারেটেড ছবি ব্যবহার করে গুজব ও বিভ্রান্তি ছড়ানো কোনো সুস্থ মানসিকতার পরিচয় নয় বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, কারও কোনো প্রশ্ন বা জানার বিষয় থাকলে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার না করে সরাসরি তাঁর সঙ্গে কথা বলতে পারেন।





















