সরকার শাহাদত হোসেন :
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল করিম এমপি।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হুমায়ুন কবির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জন, প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুবকদের নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে হবে। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কার্যক্রমের চিত্র তুলে ধরে যুবসমাজের কল্যাণে এসব কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাঁচজন যুবক-যুবতীর প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি যুব সংগঠক হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ ছাড়া জাতীয় যুব দিবস উপলক্ষে স্থানীয় পৌর পার্কে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়। মেলায় স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ সৃষ্টি হয়েছে।





















