কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ ৩৩ হাজার ৮৫০ টাকা।
রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ৪১ বোতল ভারতীয় মদ, বিভিন্ন ধরনের সিরাপ ও ৩ হাজার ১০০ পিস ট্যাবলেট, ৪ কেজি গাঁজা, ৯৯৮ পিস চকলেট বাজি, দুটি সিমকার্ড ও একটি মোবাইল ফোন।
বিজিবি আরও জানায়, মেহেরপুরের গাংনীর কাজিপুর ব্রিজ বাজার এলাকা থেকে সাইদুর ইসলাম (৪০) এবং কুষ্টিয়ার দৌলতপুরের মোহাম্মদপুর মাঠ থেকে সুভেল (২৬) নামে দুজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।





















