সরকার শাহাদত হোসেন
প্রান্তিক পর্যায়ে গবাদিপশু ও পাখির জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দিতে চালু করা মোবাইল ভেটেরিনারি ক্লিনিক (MVC) প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন দেশের ৬১ জেলার ৪৭৪ জন গাড়িচালক। তাঁদের মধ্যে গাইবান্ধার সাতটি উপজেলার সাতজন চালকও রয়েছেন। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর হঠাৎ কর্মসংস্থান হারিয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা। অন্যদিকে চালক ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার অভাবে অব্যবহৃত পড়ে রয়েছে গাইবান্ধার সাতটি মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের গাড়ি। এতে সরকারি অর্থে কেনা মূল্যবান যানবাহন নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (LDDP) আওতায় দেশের ৬১ জেলায় মোট ৪৭৪টি মোবাইল ভেটেরিনারি ক্লিনিক চালু করা হয়। ২০২২ সালের ১৩ জুলাই শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ শেষ হয় ২০২৬ সালের ৩১ মার্চ। এসব ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের খামারিদের দোরগোড়ায় গবাদিপশু ও পাখির জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হচ্ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের গাড়িগুলো সরকারের টিওঅ্যান্ডইভুক্ত করা হয়েছে। সরকারের এ উদ্যোগ ইতিবাচক হলেও গাড়িগুলো পরিচালনা ও সচল রাখার দায়িত্বে থাকা চালকদের চাকরি স্থায়ী করা কিংবা বিকল্প কর্মসংস্থানের বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে চাকরি হারানো ৪৭৪ জন চালকের মধ্যে হতাশা ও উদ্বেগ বাড়ছে।
গাইবান্ধার সাতটি উপজেলার সাতজন চালকও রয়েছেন চরম দুশ্চিন্তায়। তাঁদের অভিযোগ, প্রকল্পের কার্যক্রম বন্ধ হওয়ার পর গাড়িগুলো যথাযথভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলে এসব গাড়ি একসময় অকেজো হয়ে যেতে পারে। অথচ গাড়িগুলো সচল থাকলে প্রত্যন্ত এলাকার খামারিরা সহজেই জরুরি প্রাণিসম্পদ চিকিৎসাসেবা পেতে পারেন।
নাম প্রকাশে অনিচ্ছুক গাইবান্ধার একজন গাড়িচালক বলেন, ‘এই বয়সে নতুন করে কোথায় চাকরি খুঁজব? দীর্ঘদিন ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। এখন পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি। বর্তমান বাজারে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তারপরও আমরা আশাবাদী, সরকার মানবিক দিক বিবেচনা করে প্রকল্পটি আবার চালু করবে এবং আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।’
এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (DLO) ও বিসিএস লাইভস্টক কর্মকর্তা ড. মো. জোবাইদুল কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আপাতত অপেক্ষা করতে হবে। প্রকল্পটি কবে নাগাদ পুনরায় চালু হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সময়মতো পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভুক্তভোগী চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মোবাইল ভেটেরিনারি ক্লিনিক শুধু একটি যানবাহননির্ভর সেবা নয়; এটি প্রত্যন্ত অঞ্চলের খামারি ও পশুপাখির জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তাই ৪৭৪টি গাড়ি অব্যবহৃত রেখে নষ্ট হতে দেওয়া হলে সরকারের বিপুল বিনিয়োগের অপচয় হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে প্রান্তিক প্রাণিসম্পদ খাত।
এ অবস্থায় গাইবান্ধার সাতজনসহ দেশের ৬১ জেলার ৪৭৪ জন গাড়িচালকের চাকরি স্থায়ী করা, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা এবং মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাঁদের মতে, শুধু প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কারণে দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মীদের কর্মহীন রেখে দেওয়া মানবিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকেও উদ্বেগজনক। চালকদের পরিবার-পরিজনের জীবন-জীবিকা রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তাঁরা।




















