১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এর ষষ্ঠ দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়ায় সকাল থেকেই মেলায় ক্রেতা, দর্শনার্থী ও উদ্যোক্তাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। মেলার বিভিন্ন স্টলের পাশাপাশি বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে এগ্রো মেশিনারি ইন্ডাস্ট্রি (এএমআই) লিমিটেডের স্টল। সেখানে দিনভর দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকেই মেলায় দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের পণ্য, নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে জানতে মেলায় আসছেন নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় এএমআই লিমিটেডের স্টলেও দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ দেখা যায়। প্রতিষ্ঠানটির কৃষি যন্ত্রপাতি ও কৃষি যান্ত্রিকীকরণবিষয়ক কার্যক্রম সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন অনেকে।
এএমআই লিমিটেডের স্টলে প্রদর্শিত কৃষি যন্ত্রপাতি এবং কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহারসংক্রান্ত উদ্যোগ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। বিশেষ করে কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষিনির্ভর নতুন উদ্যোক্তা তৈরির সম্ভাবনা নিয়ে আগ্রহীদের সঙ্গে মতবিনিময় করছেন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, দেশীয় পণ্যের প্রচার, উদ্যোক্তা সৃষ্টি এবং ব্যবসায়িক সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তা ও শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে।
এগ্রো মেশিনারি ইন্ডাস্ট্রি (এএমআই) লিমিটেড দীর্ঘদিন ধরে দেশের কৃষি যান্ত্রিকীকরণ, কৃষি আধুনিকায়ন এবং স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি কৃষকদের কল্যাণে আধুনিক কৃষিযন্ত্র সহজলভ্য করা, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর কৃষিব্যবস্থা গড়ে তুলতেও প্রতিষ্ঠানটি ভূমিকা রাখছে।
মেলায় প্রতিষ্ঠানটির অংশগ্রহণের মাধ্যমে কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বাড়ার পাশাপাশি নতুন উদ্যোক্তা ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হচ্ছে।




















