আলি হায়দার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
বন্ধুকে গ্রিসে পাঠাতে বিভিন্ন জায়গা থেকে ধারদেনা করে প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছিলেন আল আমিন রাফি (৩০)। কিন্তু দীর্ঘদিনেও সেই টাকা ফেরত না পাওয়ায় ঋণের বোঝা ও আর্থিক সংকটে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। এর মধ্যেই কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিজ পরিচালিত বিউটি পার্লার থেকে উদ্ধার করা হয়েছে তাঁর মরদেহ।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের পাশে আবু বক্কর ভিলায় অবস্থিত ‘পারফেক্ট বিউটি পার্লার’ থেকে রাফির মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন রাফি প্রয়াত আলাউদ্দিন ও জাহেরা খাতুন দম্পতির ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, একসময় ঢাকায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ব্যক্তিগত মেকআপম্যান হিসেবে কাজ করতেন তিনি। প্রায় তিন থেকে চার বছর আগে নিজ এলাকায় ফিরে এসে ‘পারফেক্ট বিউটি পার্লার’ প্রতিষ্ঠা করেন। সেখানে কয়েকজন নারীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নিজেই প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন। তাঁর জন্মস্থান নরসিংদীর বেলাব উপজেলায় হলেও দীর্ঘদিন ধরে মাকে নিয়ে কুলিয়ারচরের ফরিদপুর এলাকায় বসবাস করছিলেন।
পার্লারের কর্মী বৃষ্টি বেগম জানান, আল আমিন তাঁর এক বন্ধুকে বিদেশে পাঠানোর জন্য বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করেছিলেন। পরে ওই বন্ধুর কাছে পাওনা টাকা ফেরত চাইতে তাঁকে প্রায়ই ফোন করতে দেখেছেন। তবে টাকার সঠিক পরিমাণ তাঁর জানা নেই। আল আমিনের সঙ্গে কারও শত্রুতা ছিল বলে তিনি জানেন না। তবে দেনা-পাওনা ও আর্থিক সংকট নিয়ে তাঁকে উদ্বিগ্ন থাকতে দেখেছেন।
নিহতের বোন রোহেনা আক্তারের অভিযোগ, নরসিংদীর বেলাব উপজেলার বারিচা এলাকার শাহাবুদ্দিনের ছেলে নাঈমকে গ্রিসে পাঠানোর জন্য তাঁর ভাই বিভিন্ন জায়গা থেকে ঋণ ও ধারদেনা করে প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছিলেন। বর্তমানে নাঈম গ্রিসে অবস্থান করছেন। পরিবারের দাবি, গত ২৬ নভেম্বর রাতে আল আমিন তাঁর কাছে পাওনা টাকা ফেরত চেয়ে ফোন করেন। কিন্তু টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানানোয় তিনি মানসিকভাবে আরও বিপর্যস্ত হয়ে পড়েন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে দেনা ও আর্থিক চাপের বিষয়টি সামনে এসেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বন্ধুকে গ্রিস পাঠাতে ধার ৫ লাখ টাকা, ফেরত না পেয়ে ঋণের চাপে ভেঙে পড়েন রাফি
-
সিটি পোস্ট সারাদেশ - আপডেট সময় : ০৯:২৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- 1
ট্যাগ
জনপ্রিয়




















