ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোংলা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি হলেন- মোঃ কুতুব উদ্দিন গাজী (৩৮), পিতা- হাকিম গাজী, গ্রামঃ বাঁশতলা, থানাঃ মোংলা, জেলাঃ বাগেরহাট।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে কয়রা থানার মামলা নং- ০৬(১১)১৭ এ বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, খুলনা ১৬ (ষোল) বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ০২ (দুই) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে আসামি দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার এসআই মোঃ আবু হানিফা কামালের নেতৃত্বে একটি চৌকস দল মোংলা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মোংলা থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





















