স্টাফ রিপোর্টার | মীর মো: রাকিব হাসান
বগুড়ার শিবগঞ্জে চুরি হওয়া প্রায় ৯০ হাজার টাকা মূল্যের একটি ফিজিয়ান জাতের বকনা গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শাহীন আলম (৪২) ও টুকু শেখ (৬৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) তাঁদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৬ অক্টোবর রাত ১১টা থেকে ১৭ অক্টোবর ভোর সাড়ে ৩টার মধ্যে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর হরিরামপুর (কাজীপাড়া) গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে গরুটি চুরি হয়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও গরুটির সন্ধান পাননি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহীন আলমকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বাড়ির গোয়ালঘর থেকে সাদা-কালো রঙের চুরি হওয়া গরুটি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে শাহীন গরুটি টুকু শেখের কাছ থেকে কম দামে কেনার কথা জানান। পরে টুকু শেখকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, টুকু শেখ দাবি করেছেন, তাঁর ছেলে লিটন শেখসহ অন্যরা গরুটি চুরি করে বিক্রির জন্য তাঁর কাছে দিয়েছিলেন। এ ঘটনায় লিটন শেখ পলাতক রয়েছেন।
গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।





















