রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: আরিফ হাসান গজনবী
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের রামপাল সদর ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৪ নম্বর রামপাল সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাসুদুর রহমান পিয়াল। এ সময় তিনি মোট ১৪টি মন্দিরে সৌজন্য সাক্ষাৎ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি রামপাল কেন্দ্রীয় সর্বজনীন দুর্গামন্দির, শ্রীফলতলা সর্বজনীন দুর্গামন্দির, পিপুলবুনিয়ার জয়নগর দুর্গামন্দির, সপ্তগ্রাম শ্রী শ্রী শক্তি প্রগতি সর্বজনীন মন্দির, ভাগা পশ্চিমপাড়া সর্বজনীন হরিতলা মন্দির, বেতকাটা মিরাখালি ও উত্তরপাড়া সর্বজনীন দুর্গামন্দির এবং ওয়াবুনিয়া সর্বজনীন দুর্গামন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় মন্দির পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
মোঃ মাসুদুর রহমান পিয়াল বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ ইউনিয়ন গড়ে তুলতে চান তিনি। পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ইউনিয়নবাসীর সেবায় কাজ করাই তাঁর লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপি নেতা ইকরাম ফরাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী ওজিয়ার রহমান, যুবদল নেতা মোঃ মহাসিন শেখসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধীজন।
নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধর্মীয় উপাসনালয় পরিদর্শন ও স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে নিজের গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাসুদুর রহমান পিয়াল।





















