বিপ্লব কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর, কৃষ্ণারডাঙ্গী ও দেবীনগর পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে সব ধর্মের মানুষ সমঅধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তার মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারবেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর দেশের মানুষকে কঠিন রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে এবারের শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে উৎসব উদযাপন করছেন। বাংলাদেশের প্রকৃত সৌন্দর্য ও ঐতিহ্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বিগত সরকারের সময়ের বরাদ্দের সঙ্গে বর্তমান সরকারের বরাদ্দের তুলনা করে জানতে চান, এ বছর তাঁরা আগের তুলনায় বেশি সুবিধা ও অর্থ বরাদ্দ পেয়েছেন কি না। জবাবে উপস্থিত পুণ্যার্থীরা ইতিবাচক সাড়া দেন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে তাঁর এ পরিদর্শন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ ও ধর্মীয় সম্প্রীতির বার্তা তুলে ধরে। এ সময় স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন যাঁরা…
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মিয়াজী, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহসভাপতি মাহাবুব আলী মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়াবুর রহমান, রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সত্তার মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল সালাম বেপারী, সহসভাপতি আব্দুল হান্নান মাতুব্বর ও মুরাদ হোসেন মাতুব্বর, প্রচার সম্পাদক হাকিম মুন্সি, যুবদল নেতা তুষার মন্ডল, ব্যবসায়ী ও সমাজসেবক নূর মোহাম্মদ টগর মন্ডল, কাকন মোল্যা, নগরকান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, রামনগর ইউনিয়ন বিএনপি নেতা খুরশিদ আহমেদ দোলন, হারেজসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সব সম্প্রদায়ের মানুষের নিরাপদে ধর্মীয় উৎসব পালনের পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন শেষ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বিজ্ঞাপন





















