আল-আমিন হাসান, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের নিকলীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে নিকলী থানার কুর্শা ও সিংপুর এলাকায় এ অভিযান চালানো হয়। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদের নির্দেশনায় পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। এতে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) শারিফুজ্জামান, এসআই কৌশিক মল্লিক ও সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফুজ্জামান।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাজিতপুর উপজেলার পাটুলি গ্রামের রেজু মিয়ার ছেলে সজিব মিয়া (২৫), রিপনের ছেলে বাদশা (২৫), নিকলী উপজেলার ইসলামপুর গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে সৈয়দ আলী (৩৬), চান মিয়ার ছেলে দ্বীন ইসলাম (৪৩) এবং কুর্শা গ্রামের জয়নাল মিয়ার ছেলে সুমিত মিয়া (২১)।
পরে তাঁদের নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। পরে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।
নিকলী থানার ওসি ইশতিয়াক আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। মাদক সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















