গাইবান্ধা প্রতিনিধি
জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি। তিনি বলেছেন, প্রয়োজনে এক দফার আন্দোলনের মাধ্যমে জুলাই সনদ কার্যকর করা হবে। এ বিষয়ে কোনো ধরনের টালবাহানা না করে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল গাইবান্ধার স্থানীয় দারুল আমান ট্রাস্টে আয়োজিত জামায়াতে ইসলামীর বার্ষিক রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতের আমির ও জাতীয় সংসদ সদস্য আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সিনিয়র নায়েবে আমির আব্দুল ওয়ারেচ এমপি, অধ্যাপক মাজেদুর রহমান এমপি ও মাওলানা নজরুল ইসলাম লেবু এমপি।
এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার, জেলা সহসেক্রেটারি ফয়সাল কবির রানা, জেলা বায়তুলমাল সম্পাদক সাইফুল ইসলাম মণ্ডল, নুরুন্নবী প্রধানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।





















