স্টাফ রিপোর্টার | মীর মো: রাকিব হাসান
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হোসেন আলী (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর বাড়ি থেকে ইয়াবার পাশাপাশি মোবাইল ফোন, ডিভিআর ও চারটি সিসিটিভি ক্যামেরা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হোসেন আলী নন্দীগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার বাসিন্দা। তিনি মোঃ হাফিজার রহমান ও মোছাঃ হাসনা বেগমের ছেলে।
অভিযানকালে তাঁর দখলে থাকা তিন কক্ষবিশিষ্ট একতলা পাকা বাড়ির দক্ষিণমুখী শয়নকক্ষ থেকে কালো পলিথিনে মোড়ানো তিনটি নীল জিপারযুক্ত প্যাকেটে রাখা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১৫০টি করে মোট ৪৫০ পিস ইয়াবা ছিল।
এ ছাড়া একটি সিমসহ টেকনো ক্যামন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি সিমসহ একটি বাটন মোবাইল ফোন, একটি হিকভিশন ব্র্যান্ডের ডিভিআর এবং চারটি সিসিটিভি ক্যামেরা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে এ ঘটনায় নন্দীগ্রাম থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তি মাদক ব্যবসা পরিচালনায় সিসিটিভি ব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে। জব্দ করা ডিভিআর ও সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এ ব্যবসার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















