শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ম্যারাথনে ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন ও ১০ কিলোমিটার ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছেন ফেনী রান ক্লাবের ৪০-এর অধিক রানার।
আন্তর্জাতিক মানের এই আয়োজনে কমিউনিটি পার্টনার হিসেবে সম্মাননা স্মারক অর্জন করেছে ফেনী রান ক্লাব। ক্লাব কর্তৃপক্ষ এই সম্মাননা গোটা ফেনীবাসীর প্রতি উৎসর্গ করেছে।
উল্লেখ যে, ফেনীতে দৌড়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া, মানুষকে শারীরিক কার্যক্রমে উৎসাহিত করা এবং একটি সুস্থ ও স্বাস্থ্যসচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ক্লাবটি। এই অর্জন ফেনীর রানিং কমিউনিটির জন্য গর্বের পাশাপাশি ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
ক্লাব কর্তৃপক্ষ আশা করে, ফেনীবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফেনীকে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করার এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।




















