চীনের তিয়ানজিনে ২৫–৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদকঃ
জাতিসংঘের উদ্যোগে আয়োজিত আঞ্চলিক কৃষিযন্ত্রপাতি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে চীনের উদ্দেশে দেশ ছেড়েছেন এগ্রো মেশিনারি ইন্ডাস্ট্রি লিমিটেডের (এএমআই) ব্যবস্থাপনা পরিচালক ও সিটি পোস্ট প্রকাশক শেখ সাদী।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে একটি আন্তর্জাতিক ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে যাত্রা করেন তিনি।
জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএন-এসকাপ) সেন্টার ফর সাসটেইনেবল অ্যাগ্রিকালচারাল মেকানাইজেশন (সিএসএএম) তাঁকে এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে।
আগামী ২৫ অক্টোবর চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত হবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৃষি যন্ত্রপাতি সমিতিগুলোর আঞ্চলিক পরিষদের ১২তম সদস্যসভা। পাশাপাশি ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক ও পরিবেশকদের জন্য ১১তম রেকামা প্রশিক্ষণ ও স্টাডি ট্যুর।
আয়োজকদের লক্ষ্য, এ কর্মসূচির মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।
কর্মসূচিতে কৃষি যন্ত্রপাতি খাতের প্রযুক্তিগত অগ্রগতি, উদ্ভাবনী যান্ত্রিকীকরণ পদ্ধতি এবং ফসলের অবশিষ্টাংশ ব্যবস্থাপনার আধুনিক প্রযুক্তি তুলে ধরা হবে। এ আয়োজনের অংশ হিসেবে ২৬ ও ২৭ অক্টোবর তিয়ানজিনে অনুষ্ঠিত হবে টেকসই কৃষি যান্ত্রিকীকরণবিষয়ক আঞ্চলিক ফোরাম।
এ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে কৃষি যন্ত্রপাতি খাতে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।



























