সরকার শাহাদত হোসেনঃ
গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য পলো দিয়ে মাছ ধরা। সেই ঐতিহ্যকে ঘিরে গাইবান্ধা শহরের আদর্শপাড়ার হলদিয়ার বিলে বসেছিল শৌখিন মাছ শিকারিদের মিলনমেলা। উৎসবমুখর পরিবেশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় দেড় হাজার মাছ শিকারি একযোগে বিলে নেমে পলো ও জাল দিয়ে মাছ ধরার আনন্দে মেতে ওঠেন। স্থানীয় ভাষায় এসব শিকারিকে বলা হয় ‘বৈত’।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বনির্ধারিত দিনক্ষণ অনুযায়ী সকাল থেকেই পলো, বাদাই ও খলুই কাঁধে নিয়ে বিলপাড়ে জড়ো হতে থাকেন বিভিন্ন এলাকার শৌখিন মাছ শিকারিরা। নির্ধারিত সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে সবাই একযোগে কোমরপানিতে নেমে পড়েন। এরপর শুরু হয় মাছ ধরার প্রাণবন্ত প্রতিযোগিতা। প্রায় তিন ঘণ্টা ধরে চলে এ আয়োজন।
শিকারিদের পলো ও জালে ধরা পড়ে রুই, কাতলা, গ্লাস কার্প, শোল, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ। কাঙ্ক্ষিত মাছ শিকার করতে পেরে অনেকের মুখেই ফুটে ওঠে আনন্দের হাসি। কেউ মাছ হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন, আবার কেউ ব্যস্ত হয়ে পড়েন পরবর্তী শিকারে।
পলো দিয়ে দলবদ্ধভাবে মাছ ধরার এমন দৃশ্য দেখতে বিলের পাড়ে ভিড় জমান আশপাশের এলাকার শত শত নারী, পুরুষ ও শিশু। শিকারিদের হাঁকডাক, পানির ছলাৎছল শব্দ আর দর্শকদের উচ্ছ্বাসে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী পলো বাওয়া শুধু মাছ ধরার আয়োজন নয়, এটি গ্রামীণ মানুষের আনন্দ, সম্প্রীতি ও মিলনমেলারও এক অনন্য উপলক্ষ। আধুনিকতার ছোঁয়ায় গ্রামীণ জীবনযাত্রায় নানা পরিবর্তন এলেও এমন আয়োজন মানুষের মধ্যে পুরোনো ঐতিহ্য ও শেকড়ের টানকে নতুন করে জাগিয়ে তোলে।





















