ইয়াকুব সরকার, বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে সচেতনতামূলক নানা কর্মসূচির আয়োজন করেছে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ-এর কুড়িগ্রাম সিডিপি। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সাধারণ মানুষের মধ্যে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এবারের বিশ্ব হাতধোয়া দিবসের প্রতিপাদ্য ছিল “হোন হাতধোয়ার নায়ক”। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম সিডিপির মেডিকেল অফিসার ডা. তাওসিফ তানভীর রাতুল এবং সিডিপির অ্যাডমিন রাফি তামজিদ।
এ সময় স্থানীয় কমিউনিটির সদস্য, শিশু-কিশোর এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাবান ও পরিষ্কার পানি দিয়ে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। বিশেষ করে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।
অনুষ্ঠানের শেষপর্যায়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয় এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।




















