পঞ্চগড় প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব উদযাপনের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পঞ্চগড় জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার গোয়ালপাড়া এলাকায় চাওয়াই নদীর বামতীরে ৩৬০ মিটার দীর্ঘ নদী তীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন শেষে
সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং সর্বস্তরের জনগণকে প্রতিটি এলাকায় সজাগ থাকার নির্দেশ দিয়েছেন।
কোনো সুযোগসন্ধানী বা চক্রান্তকারী শক্তি যাতে সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেজন্য আমরা কঠোর অবস্থানে রয়েছি।”
তিনি আরও যোগ করেন, প্রধানমন্ত্রী আগামী ১৮ তারিখ রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন, যা একটি নজিরবিহীন ও ইতিবাচক পদক্ষেপ।
পূজার নিরাপত্তা নিয়ে প্রতিমন্ত্রী জানান, আমরা স্থানীয়ভাবে বিএনপির অঙ্গসংগঠনগুলোর মাধ্যমে ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করেছি। তারা সার্বক্ষণিকভাবে প্রতিটি পূজা মণ্ডপে অবস্থান করবেন। স্থানীয় প্রশাসন ও সনাতন
ধর্মাবলম্বীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করবেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা, গুজব বা অঘটন এড়াতে জেলাজুড়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এর আগে তিনি চাওয়াই নদীর ভাঙন রোধে প্রতিরক্ষা বাঁধের নামফলক উন্মোচন করেন। এ সময় প্রতিমন্ত্রী প্রকল্পের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট
কর্মকর্তাদের নির্দেশ দেন।
অনুষ্ঠানে পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, জেলা পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















