রাজন্য রুহানি, জামালপুর :
দেশে একটি নির্দিষ্ট দলের ‘বট বাহিনী’র মাধ্যমে ছড়ানো অপতথ্য রুখতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
গত ১৬ অক্টোবর সকালে জামালপুরের বকশীগঞ্জে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস আয়োজিত সামাজিক সুরক্ষা প্রদান, সংবর্ধনা এবং বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী তাঁর বক্তব্যে দেশের বিরুদ্ধে অপতথ্য ছড়ানোর তীব্র সমালোচনা করে কড়া হুঁশিয়ারি দেন। এই অপতথ্যকে ‘বট বাহিনীর’ কাজ উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “দেশের বিরুদ্ধে যে অপতথ্য ছড়ানো হচ্ছে, তা রুখতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে মন্ত্রী বিগত অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে বলেন, “অন্তর্বর্তী সরকার গত দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে। তারা সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার চক্রান্ত করেছিল, যা দেশের সচেতন জনগণ সফল হতে দেয়নি।”
দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে কথা বলতে গিয়ে এম রশিদুজ্জামান মিল্লাত জানান, এই সংকট পুরোপুরি নিরসন হতে আরও প্রায় এক বছর সময় লাগবে। এ সময় ইউরোপের বাজারের সাথে তুলনা করে তিনি বলেন, “সেখানে ডিজেলের দাম অনেক বেশি হওয়া সত্ত্বেও দেশের কিছু লোক অকারণে সাধারণ মানুষকে উসকে দিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করাতে চায়।”
বর্তমান সরকারের প্রতি বহির্বিশ্বের যথেষ্ট সমর্থন রয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফল সাক্ষাৎ হয়েছে এবং ট্রাম্প বাংলাদেশের পোশাক খাতের ভূয়সী প্রশংসা করেছেন।
দলীয় শৃঙ্খলা বজায় রাখার তাগিদ দিয়ে নেতা-কর্মীদের সতর্ক করে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “দলের ভেতরে কেউ কোনো খারাপ কাজ বা বিশৃঙ্খলা করলে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে।”
এছাড়া শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একসঙ্গে কাজ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে বলে ঘোষণা করেন তিনি।
অনুষ্ঠান শেষে মন্ত্রী বকশীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষমেলা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের মাঝে ঢেউটিন ও পুনর্বাসন সহায়তার চেক, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বিশেষ শিক্ষাবৃত্তি এবং দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপের জন্য সরকারি আর্থিক অনুদান ও অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ করেন।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




















