লক্ষ্মীপুর প্রতিনিধি:
দলমত নির্বিশেষ দেশের গণতন্তের ভিতকে শক্তিশালী রাখলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এসময় ২৫ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমরা সবাই মিলে সহযোগীতা করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করাটাই এ মুহূর্তে খুব জরুরি। কারণ দেশের প্রয়োজন আছে, মানুষের জন্য নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে হবে। ১৭ বছরের বর্ণনা করার প্রয়োজন নেই। আমি-আপনি আন্দোলন করে সরকার গঠন করেছি। নির্বাচনি প্রক্রিয়া ছিল না। আজকে নির্বাচনি প্রক্রিয়া নতুনভাবে শুরু করেছি। এই যাত্রা অনেক দূর নিয়ে যেতে হবে।
তিনি বলেন, অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করেই টার্গেট পয়েন্টে পৌঁছাতে হবে। সেজন্য যে যেখানে আছি না কেন, আমাদের দায়িত্ব হল সর্বাত্মক সহযোগীতার মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্য ঠিক রেখে সামনের দিনগুলো পার করার। দলমত নির্বিশেষে চেষ্টা করব দেশের গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করে রাখি। তাহলে অন্তত রুটিং ওয়ার্কও যদি আমরা করে যেতে পারি বাংলাদেশে উন্নয়ন সম্ভব।
পানিসম্পদ মন্ত্রী বলেন, ১৭-১৮ বছর বাংলাদেশে ভালো ইতিহাস ছিল না। আমরা একেকজন একেকভাবে ওই পরিস্থিতি মোকাবেলা করেছি। আজকে একটা আমাদের স্বাভাবিক জীবন এসেছে। এই স্বাভাবিক জীবন পাবো গত ৩ বছর আগেও আমরা এটা চিন্তা করিনি, কিন্তু আমরা পেয়েছি। এই স্বাভাবিবক জীবনটাই হল আমাদের ধরে রাখা। ধরে রাখতে গেলে এতো দিন রাজনৈতিক যুদ্ধ করেছি, এখন আমাদেরকে জীবন যুদ্ধে এগিয়ে যেতে হবে। বাংলাদেশে অভাব আছে, অনটন আছে। এই অভাব অনটনের যুদ্ধের মধ্য দিয়ে আমাদেরকে সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত চলতে হচ্ছে। এরপরও যদি স্বাভাবিক জীবনটা না পাই, তাহলে আপনার শিক্ষা, অবস্থান, সচেতনতা, সমাজ কর্মী, মানব কল্যাণে নিযোজিত ব্যক্তি, এই যে আমার রাজনীতি এটার কি-বা মূল্য আছে?
তিনি আরও বলেন, সারা দেশে আমরা যেভাবে কাজ শুরু করেছি, এতোটুকু বলতে পারি প্রধানমন্ত্রী তারেক রহমান তার মহতি উদ্যোগ নিয়ে যাত্রা শুরু করেছেন। উনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় মাত্র সাড়ে তিন বছরে স্ব-নির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হয়েছেন। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কাছের থেকে আপনারা দেখেছেন, তার নেতৃত্ব, তার সংগ্রামী জীবন, আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, সবশেষ আমাদের থেকে বিদায় নিয়েছেন। একই পরিবারের একজন তিনবারের প্রধানমন্ত্রী, একজন জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন, আরেকজন এখন নির্বাচিত প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে আজ দেশ পরিচালিত হচ্ছে।
লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান প্রমুখ।




















