মোঃ ইহসানুল হক সাকিব, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে ফের মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে আয়োজিত এ কর্মসূচি থেকে অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণে জৈবিক পরীক্ষা, কিশোর অপরাধসংক্রান্ত আইন সংশোধন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিমের পরিবারের সদস্যদের চরিত্রহনন বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলা বিভাগ।
মানববন্ধনে বক্তারা বলেন, পরিকল্পিত হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বয়স নির্ধারণে কোনো ধরনের অনিয়ম বা ছলচাতুরি করা যাবে না। প্রকৃত বয়স নির্ধারণের মাধ্যমে অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হত্যার মতো গুরুতর অপরাধে কিশোরদের ব্যবহার বন্ধে আইন সংশোধন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কারও বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্রহনন বন্ধের আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম বিদ্যুৎ বলেন, “আমরা আজ দুঃখভারাক্রান্ত হৃদয়ে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে দাঁড়িয়েছি। আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিল না। আমরা চাই, এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার হোক। একই সঙ্গে কিশোর অপরাধের বিচারসংক্রান্ত আইনটি পর্যালোচনা ও সংশোধন করা প্রয়োজন, যাতে আইনের সুযোগ নিয়ে কেউ শিশু-কিশোরদের ব্যবহার করে পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটাতে না পারে। অভিযুক্তদের বয়স নিয়ে প্রশ্ন থাকলে যথাযথ পরীক্ষা করা উচিত।”
তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে অধ্যাপক নাহিদা বেগম ও তাঁর পরিবারের সদস্যদের চরিত্রহননের চেষ্টা বন্ধ করতে হবে। কোনো তথ্য না জেনে কারও বিরুদ্ধে মন্তব্য করা উচিত নয়। শিক্ষার্থীদের প্রতিও আমার আহ্বান, যাচাই না করে কোনো বিষয়ে মন্তব্য করবে না এবং কারও চরিত্রহননে অংশ নেবে না। আমরা চাই, অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত হোক এবং মানুষ নিরাপদে বাঁচতে পারুক।”
মানববন্ধনে কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী বলেন, অপ্রতিম হত্যার বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ন্যায়বিচারের দাবিতে সোচ্চার থাকবেন। অভিযুক্তদের বয়স নিয়ে প্রশ্ন ওঠায় তাঁদের জৈবিক পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছলচাতুরি না করে প্রকৃত তথ্য প্রকাশের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, অপ্রতিমের বাবা অভিযুক্তদের বয়স নির্ধারণে জৈবিক পরীক্ষার জন্য আদালতে আবেদন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিচারের যে আশ্বাস দিয়েছেন, তার বাস্তবায়ন দেখতে চান তাঁরা। সন্তান হারানোর শূন্যতা পূরণ হওয়ার নয়। তবে হত্যাকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত হলে অপ্রতিমের মা-বাবা মানসিকভাবে কিছুটা স্বস্তি পাবেন।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা বলেন, বাংলাদেশের প্রচলিত বিচারব্যবস্থা নানা কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সন্তানদের নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে, অথচ যথাযথ বিচার নিশ্চিত হচ্ছে না। একটি সুষ্ঠু সমাজ গড়তে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে বিচারপ্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। তাঁরা চান না, আর কোনো সন্তানের জীবন এভাবে অকালে ঝরে যাক।
তিনি আরও বলেন, অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তাঁদের অবস্থান থেকে প্রতিবাদ অব্যাহত রাখবেন।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম নিখোঁজ হয়। পরদিন ১৯ সেপ্টেম্বর কুমিল্লার লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থীরা।




















