স্টাফ রিপোর্টার | মীর মো: রাকিব হাসান
বগুড়া, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, বিকেল: বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক আবু রায়হানের ওপর হামলার অভিযোগে এক শিক্ষার্থীকে স্থায়ী ছাড়পত্র দিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
মঙ্গলবার সকালে এ ঘটনার প্রতিবাদে প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এ সময় তারা ঘটনার সুষ্ঠু বিচার এবং অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
প্রতিষ্ঠানটির শিক্ষক আবু সাদাত মো. মোস্তফা কামাল জানান, শৃঙ্খলাভঙ্গের কারণে অভিযুক্ত শিক্ষার্থীকে আগে সাময়িকভাবে পাঠদান থেকে বিরত রাখা হয়েছিল। গত সোমবার শ্রেণিকক্ষে ফেরার পর শিক্ষক আবু রায়হান তাকে শাসন করেন বলে জানা গেছে। পরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজের ফটকের সামনের সড়কে ওই শিক্ষকের ওপর হামলার অভিযোগ ওঠে।
বিয়াম মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহা. মুস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ী ছাড়পত্র দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




















