কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লী তালুয়াপাড়া হামিদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান তাঁর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগসংবলিত সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন। প্রকাশিত সংবাদে উত্থাপিত অভিযোগগুলোকে ‘বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
এক প্রতিবাদলিপিতে মাওলানা খলিলুর রহমান বলেন, তাঁর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের যেসব অভিযোগ প্রকাশ করা হয়েছে, সেগুলো সত্য নয়। এসব অভিযোগ তাঁর ব্যক্তিগত সম্মান, সামাজিক মর্যাদা ও দীর্ঘদিনের পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে দাবি করেন তিনি। বিষয়টি তাঁকে গভীরভাবে মর্মাহত করেছে বলেও জানান অধ্যক্ষ।
প্রতিবাদলিপিতে তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশের আগে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত ও প্রমাণ যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। যথাযথ যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রকাশ বা প্রচার করা অনুচিত বলেও মন্তব্য করেন তিনি।
প্রকাশিত সংবাদে উল্লিখিত যেসব অভিযোগের সঙ্গে বাস্তবতার মিল নেই বলে তিনি দাবি করছেন, সেগুলো প্রত্যাহার করে সঠিক তথ্য প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানান অধ্যক্ষ খলিলুর রহমান।
এ ছাড়া প্রকাশিত সংবাদের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান তিনি। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান অধ্যক্ষ।




















