মো: মহিবুল ইসলাম মিলন ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে নীলফামারীর ডিমলায় দুই দিনব্যাপী কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
কর্মসূচির অংশ হিসেবে ১১ অক্টোবর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। ১২ অক্টোবর একই স্থানে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, কন্যাশিশুদের সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাইল ফোনের অপব্যবহার, অসৎ সঙ্গ, অপ্রাপ্তবয়স্ক বয়সে পালিয়ে বিয়ে, মাদকাসক্তি ও অনিরাপদ জীবনযাপন থেকে সন্তানদের রক্ষায় অভিভাবকদের আরও সচেতন হতে হবে।
বক্তারা আরও বলেন, কন্যাসন্তান বাবা-মায়ের অত্যন্ত আদরের। তাদের এমনভাবে গড়ে তুলতে হবে, যেন তারা ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশের নেতৃত্ব দিতে পারে। ইসলাম কন্যাসন্তানকে মর্যাদা দিয়েছে এবং মায়ের সম্মান ও অধিকারকে বিশেষ গুরুত্ব দিয়েছে। তাই কন্যাশিশুদের প্রতি অবহেলা নয়, বরং তাদের নিরাপত্তা, শিক্ষা ও বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্নাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সিনিয়র প্রশিক্ষক মোছা. আয়শা সিদ্দিকা।




















